আদালতে নেওয়া হচ্ছে তাহসিফ হত্যা মামলার আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যার ঘটনায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এ জন্য তৃতীয় দফায় তাঁর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালতে আবেদনটি করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে গত ৩ নভেম্বর থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন বলে আবেদনে দাবি করা হয়। তদন্তের স্বার্থে আরও বিস্তারিত তথ্য জানতে তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম।
এ মামলায় গ্রেপ্তারের পর দীপকে প্রথমে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে দ্বিতীয় দফায় আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবার তৃতীয় দফায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
তাহসিফ হত্যা মামলা কে এম তাহসিফ সাউরি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!