নতুন সিনেমা ‘সুরিয়া: অন্ত সে আরম্ভ তাক’-এর ‘সুনিয়ো জারা’ গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও উদিত নারায়ণ। ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকে হিন্দি সংগীতের জনপ্রিয় দুই কণ্ঠ কুমার শানু ও উদিত নারায়ণ আবারও একসঙ্গে প্লেব্যাক করেছেন। দীর্ঘ ২১ বছর পর তাঁদের কণ্ঠ শোনা যাবে নতুন সিনেমার গানে। সানি দেওল অভিনীত আসন্ন ক্রাইম থ্রিলার ‘সুরিয়া: অন্ত সে আরম্ভ তাক’-এর ‘সুনিয়ো জারা’ শিরোনামের গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন এই দুই শিল্পী।
ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বন্ধুত্বের আবহে তৈরি হয়েছে গানটি। সিনেমায় গানটির দৃশ্যে থাকবেন সানি দেওল ও রবি কিষান। কুমার শানু ও উদিত নারায়ণের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন অনুপম আমোদ। জি মিউজিক কোম্পানির ব্যানারে ২৭ অক্টোবর গানটি প্রকাশের কথা রয়েছে।
সিনেমার গানে এই দুই শিল্পীকে সর্বশেষ একসঙ্গে শোনা গিয়েছিল ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘নো এন্ট্রি’ ছবির ‘কাহা হো তুম’ গানে। এরপর দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও একই চলচ্চিত্রের গানে ফিরলেন তাঁরা। এর আগে ‘তেরি মেরি দোস্তি’, ‘বেপারওয়া বহুত দিন ঘুমে’, ‘ছোটে ছোটে ভাইয়ো কে বড়ে ভাইয়া’ এবং ‘হাম সাথ-সাথ হ্যায়’-এর মতো গানে তাঁদের কণ্ঠ শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছিল।
সিনেমার গানের বাইরেও চলতি মাসে শ্রোতাদের জন্য নতুন একটি গান উপহার দিয়েছেন শানু ও উদিত। ‘তেরা মেরা ইয়ারানা’ নামের অডিও গানটিতে উঠে এসেছে তাঁদের বন্ধুত্বের গল্প। সঞ্জীব চতুর্বেদীর লেখা ও সুর করা গানটি ১৫ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছে।
এদিকে, যে সিনেমার গান দিয়ে দুই শিল্পীর প্লেব্যাকে একসঙ্গে ফেরা, সেই ‘সুরিয়া: অন্ত সে আরম্ভ তাক’ নিয়েও আলোচনা ও বিতর্ক চলছে। ছবিটিতে চিকিৎসাব্যবস্থার অনিয়ম এবং স্বাস্থ্যকর্মীদের দুর্নীতির বিষয় তুলে ধরা হয়েছে। সানি দেওল এতে সূর্য প্রতাপ সিং নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। ভুল চিকিৎসায় মেয়েকে হারানোর পর চিকিৎসাক্ষেত্রের দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামেন তিনি।
সিনেমায় চিকিৎসকদের নেতিবাচকভাবে দেখানো এবং স্বাস্থ্যকর্মীদের ওপর সহিংসতার দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এসব আপত্তির মধ্যেই নির্মাতারা আগামী ২০ নভেম্বর ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন।
কুমার শানু উদিত নারায়ণ সুনিয়ো জারা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!