যুক্তরাষ্ট্র   শনিবার ৩১ অক্টোবর ২০২৬,১৫ কার্তিক ১৪৩৩

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক পাবেন কার্ড

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ PM | সর্বশেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ PM ২৯
চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক পাবেন কার্ড

কৃষকদের নিবন্ধন, আর্থিক সহায়তা ও কৃষি উপকরণ বিতরণের লক্ষ্যে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। ছবি: সংগৃহীত

দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে আগামী চার বছরের মধ্যে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। কৃষকদের নিবন্ধন, তাঁদের প্রয়োজন অনুযায়ী আর্থিক ও কৃষি উপকরণ সহায়তা পৌঁছে দেওয়া এবং কৃষিসেবা আরও সুশৃঙ্খল করার লক্ষ্য নিয়ে ধাপে ধাপে এ কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলায় মোট ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লককে কেন্দ্র করে কৃষক কার্ড বিতরণ করা হবে। ইতোমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহ, ব্যাংক হিসাব খোলা এবং প্রাথমিকভাবে কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে। কর্মসূচির প্রাথমিক পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দেশের ১ হাজার ৬৮১টি কৃষি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ এগিয়েছে। এ পর্যন্ত ১৯ লাখ ২৫ হাজার কৃষকের তথ্য সংগ্রহ এবং কৃষক কার্ড-সংশ্লিষ্ট ৯ লাখ ব্যাংক হিসাব খোলা হয়েছে। কৃষকদের পরিচয় ও প্রয়োজন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার পাশাপাশি এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে সহায়তা বিতরণের পরিকল্পনা রয়েছে।

কৃষক কার্ড কর্মসূচির প্রাথমিক বাস্তবায়ন যাচাই করতে ২০২৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত প্রাক-পাইলটিং কার্যক্রম চালানো হয়। দেশের আট বিভাগের ১০ জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে এ পর্যায়ে ২০ হাজার ৮৩২ জন কৃষককে কার্ড দেওয়া হয়েছে। গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রাক-পাইলটিংয়ের আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে ২০ হাজার ৪৮০ জনকে আর্থিক প্রণোদনা দেওয়া হয়। জনপ্রতি বছরে ২ হাজার ৫০০ টাকা হিসাবে এ পর্যায়ে মোট ৫ কোটি ১২ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর কর্মসূচির পরিধি বাড়ানোর অংশ হিসেবে গত ১ অক্টোবর দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রতিটি উপজেলা থেকে একটি করে কৃষি ব্লক নির্বাচন করে এ পর্যায়ে মোট ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ফেনী জেলার ছয়টি উপজেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক রয়েছেন।

এ পর্যায়ে কৃষি উপকরণ সহায়তার আওতায় রাখার জন্য ১ লাখ ৪৭ জন কৃষককে চিহ্নিত করা হয়েছে বলে সরবরাহ করা তথ্যে উল্লেখ রয়েছে। তাঁদের মধ্যে ফেনীর ছয়টি উপজেলার ৭ হাজার ১৫৩ জন এবং অন্য ৫৫ জেলার ৯২ হাজার ৮৯৪ জন কৃষক রয়েছেন। ফেনী জেলার ছয়টি কৃষি ব্লকে ৭ হাজার ৬৪৩টি কৃষক কার্ড বিতরণের পরিকল্পনাও রয়েছে।

কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করছে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প। প্রকল্পটির উপপরিচালক মো. রাকিবুজ্জামান খান বাসসকে জানান, কৃষকদের সঠিক তথ্য সংগ্রহ, তাঁদের চাহিদা নিরূপণ এবং কৃষির আধুনিকায়নে সহায়তা দেওয়ার জন্য প্রাথমিক তথ্য সংগ্রহ চলছে। কৃষকের চাহিদা মৌসুম ও ফসলভেদে পরিবর্তিত হওয়ায় তথ্য সংগ্রহে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি হলে প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া সহজ হবে বলে তাঁর মত।

কৃষি মন্ত্রণালয়ের কৃষক কার্ড সেলের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন বাসসকে বলেন, কৃষকদের তথ্য সংগ্রহ ও যাচাই, ব্যাংক হিসাব খোলা এবং ধাপে ধাপে কার্ড বিতরণের মাধ্যমে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সহজ ও কার্যকর করাই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করা, তাঁদের প্রয়োজন অনুযায়ী আর্থিক ও কৃষি উপকরণ সহায়তা দেওয়া এবং সরকারি কৃষিসেবার সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেওয়ার লক্ষ্য রয়েছে।

সচিব আরও জানান, কৃষক কার্ডের আওতায় কৃষকদের জন্য ১০ ধরনের সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে স্বল্প সুদে কৃষিঋণ, সেচ, সার, বীজ, প্রণোদনা, কৃষিবিমা, আবহাওয়ার তথ্য এবং বালাইনাশক ব্যবহারের পরামর্শের মতো সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। সরকারের প্রত্যাশা, কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্যভিত্তিক সেবা ও সহায়তা প্রদান আরও সমন্বিত করা সম্ভব হবে।

কৃষক কার্ড কৃষক কার্ড কর্মসূচি কৃষি মন্ত্রণালয়

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!