ছবি: সংগৃহীত
চার দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টা ৪৮ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টা ৫৫ মিনিটে টোকিও থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে প্রধানমন্ত্রীর বিমান। বাংলাদেশ সময় তখন রাত ৭টা ৫৫ মিনিট।
গত ২৬ অক্টোবর সরকারি সফরে জাপান যান তারেক রহমান। সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে ছিল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-র সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সফরকালে জাপানের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও একাধিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।
এ ছাড়া জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এই আলোচনাও সফরের কর্মসূচির অংশ ছিল।
চার দিনের সফরে দ্বিপক্ষীয় কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!