যুক্তরাষ্ট্র   শনিবার ৩১ অক্টোবর ২০২৬,১৫ কার্তিক ১৪৩৩

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ PM ২৩
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সেপ্টেম্বরে ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণের কারণে সেপ্টেম্বর মাসে ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। একই মাসে দেশটিতে বায়ুদূষণজনিত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে। আগের মাস আগস্টের তুলনায় এই সংখ্যা ৪২ শতাংশ বেশি।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)। সংস্থাটির হিসাব অনুযায়ী, আগস্টে ইন্দোনেশিয়ায় বায়ুদূষণজনিত মৃত্যু হয়েছিল ৩ হাজার ৭৪০ জনের।

সেপ্টেম্বরের প্রাণহানির মধ্যে দাবানলের ধোঁয়ার কারণে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৬০ জনের। বাকি ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে শহর ও শিল্পকারখানার দূষণসহ দীর্ঘমেয়াদি বায়ুদূষণের প্রভাবে।

দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বোর্নিও দ্বীপের কালিমান্তান এবং সুমাত্রা। সিআরইএর প্রতিবেদনে বলা হয়েছে, কালিমান্তানের বিভিন্ন এলাকায় বায়ুদূষণজনিত মৃত্যুর ৯৪ থেকে ৯৯ শতাংশের পেছনে ছিল দাবানলের ধোঁয়া। সুমাত্রায়ও এ ধরনের মৃত্যুর ৮০ শতাংশের বেশি ঘটেছে আগুনের ধোঁয়াজনিত দূষণের কারণে।

তবে জাভা দ্বীপের দক্ষিণাঞ্চলে পরিস্থিতি ভিন্ন। সেখানে শহর ও শিল্পকারখানা থেকে নির্গত দূষণই বায়ুদূষণজনিত মৃত্যুর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় প্রায় ৫ কোটি ৮০ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার বায়ুদূষণের মধ্যে ছিলেন। বিশেষ করে কালিমান্তান অঞ্চলে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মাসের সবচেয়ে দূষিত দিনগুলোতে বিপজ্জনক বায়ুর সংস্পর্শে থাকা মানুষের সংখ্যাও বেড়েছে। আগস্টে এ সংখ্যা ছিল প্রায় ২৮ লাখ। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৬৪ লাখে।

এল নিনো-সংশ্লিষ্ট আবহাওয়াগত প্রভাব ও তীব্র খরার কারণে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বনভূমি ও বিস্তীর্ণ এলাকা পুড়ে যাওয়ার পাশাপাশি ধোঁয়া ছড়িয়ে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে।

দাবানলের প্রভাবে প্রতিবেশী মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও পূর্ব তিমুরেও বায়ুদূষণ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যে গত বুধবার নিজেদের নেওয়া পদক্ষেপের কথা জানিয়েছে জাকার্তা সরকার।

সরকারের ভাষ্য অনুযায়ী, কৃত্রিমভাবে মেঘ সৃষ্টি করে বৃষ্টিপাত ঘটানো এবং আগুন নিয়ন্ত্রণে ৭২ হাজারের বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত করা হয়েছে ২ হাজার ১০০ জনের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয়েছে ৫৩ লাখ মাস্ক।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!