যুক্তরাষ্ট্র   শনিবার ৩১ অক্টোবর ২০২৬,১৫ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ২৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৯ PM ৩৫
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ২৪

ছবি: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর টিটির চরে বাড়িতে ফেরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে সংঘটিত এ ঘটনায় নারীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও টেঁটা ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত দুই মাসে এলাকাটিতে দুই পক্ষের মধ্যে চার থেকে পাঁচবার সংঘর্ষ হয়েছে। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এবার নিজ বাড়িতে ফিরতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন একটি পক্ষের সদস্যরা।

স্থানীয় বাসিন্দা মমিন মিয়ার অভিযোগ, প্রতিপক্ষের লোকজন রাতে তাঁদের ওপর হামলা চালায়। তাঁর দাবি, গত দুই মাস ধরে তাঁদের অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে থাকতে বাধ্য হচ্ছে। ভোরে নিজেদের ভিটায় ফিরতে গেলে তাঁদের ওপর আবারও হামলা হয়। এতে তাঁদের পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানান তিনি। আহতদের মধ্যে তাইজুদ্দিন, আহসান উল্লাহ, নূর ইসলাম, আরজিনা ও রমজান রয়েছেন। মমিনের দাবি, ককটেল বিস্ফোরণে রমজানের দুটি দাঁত পড়ে গেছে। পরিবারগুলোর নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপও চেয়েছেন তিনি।

অন্যদিকে চান মিয়া গ্রুপের সদস্য চান মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজন টেঁটা ও ককটেল নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়েছে। এতে তাঁদের পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনার সঙ্গে শহীদ মেম্বার ও আওয়ামী লীগের লোকজনের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন চান মিয়া।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শহীদ মেম্বার। তাঁর বক্তব্য, ভোররাতে তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় চান মিয়ার লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে নারীসহ তাঁদের পক্ষের প্রায় ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। দুই পক্ষই পরস্পরকে হামলার জন্য দায়ী করায় সংঘর্ষের সূত্রপাত ও ঘটনার প্রকৃত পরিস্থিতি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন হলে আরও পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

নরসিংদী মাধবদী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!