যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ১ বছর থেকে কমিয়ে ৬ মাস করার প্রস্তাব

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ PM | সর্বশেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ PM ২০০
ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ১ বছর থেকে কমিয়ে ৬ মাস করার প্রস্তাব

ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা Muhammad Yunus-সহ সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে নিরাপত্তা ও অন্যান্য সুবিধার মেয়াদ এক বছর থেকে কমিয়ে ৬ মাস নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে। এ-সংক্রান্ত একটি প্রস্তাবিত সরকারি নথি সোমবার (২৭ এপ্রিল) সামনে এসেছে।

নথির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রচলিত বিধিমালায় ভিভিআইপি মর্যাদার মেয়াদ নির্দিষ্ট না থাকায় অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে নতুন এ প্রস্তাব আনা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে তা প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে। তবে এ বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি প্রধানমন্ত্রীর প্রেস উইং।

২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. ইউনূস। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর গত ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করেন। দায়িত্ব ছাড়ার কয়েকদিন আগে নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয় এবং গত ১০ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়। ওই গেজেটে ভিভিআইপি সুবিধার মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছিল।

প্রস্তাবিত নথিতে তিনটি মূল বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমত, সাবেক রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা দায়িত্ব ছাড়ার পর সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত দেশের ভেতরে ভিভিআইপি মর্যাদা পাবেন। দ্বিতীয়ত, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর আওতায় ড. ইউনূসকে এক বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করে জারি করা এসআরও বাতিলের প্রস্তাব রয়েছে। তৃতীয়ত, আগের প্রজ্ঞাপন বাতিল হলেও তিনি বর্তমানে যে সুবিধা পাচ্ছেন, তা আগামী ১৬ আগস্ট পর্যন্ত বহাল রাখার শর্ত রাখা হয়েছে।

নথিতে আরও উল্লেখ করা হয়, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’ এবং ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা, ২০২৫’-এ ভিভিআইপি ঘোষণার সুনির্দিষ্ট মেয়াদ উল্লেখ নেই। ২০০১ সালে এ মেয়াদ এক বছর থাকলেও ২০০২ ও ২০০৬ সালে তা কমিয়ে ৩ মাস করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে এবার ৬ মাসের একটি সময়সীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবটি কার্যকর হলে সাবেক শীর্ষ পদাধিকারীদের নিরাপত্তা ও সুবিধা প্রদানের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি মর্যাদা সরকারি প্রস্তাব

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!