যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

স্পিকার বললেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কিছু জানেন না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৪:১৮ PM ১৩৪
স্পিকার বললেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কিছু জানেন না

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তিনি এখনো কোনো তথ্য জানেন না।

শুক্রবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, রাষ্ট্রপতি কী করবেন বা করবেন না, সেটি তাঁর জানা নেই। রাষ্ট্রপতি দেশের প্রথম ব্যক্তি বলেও মন্তব্য করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি দেশের বাইরে ছিলেন। তাই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে দেশে কী আলোচনা চলছে, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার কারণ জানতে চাইলে স্পিকার জানান, তাঁর কিছু ব্যক্তিগত কাজ ছিল এবং চিকিৎসা পরীক্ষা শেষ হওয়ায় তিনি নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন।

এর আগে ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর আগাম দেশে ফেরার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনা আরও জোরালো হয়েছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ বিষয়ে নানা খবর প্রকাশ হলেও রাষ্ট্রপতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

রাষ্ট্রপতি পদত্যাগ হাফিজ উদ্দিন আহমদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!