যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চান ৭০ নেত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪০ PM ৬৬
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চান ৭০ নেত্রী

ছবি: সংগৃহীত

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপির মনোনয়ন পেতে ফরম নিয়েছেন ৭০ জন নারী নেত্রী। সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা ও মহানগর পর্যায়ের সংগঠকদের মধ্যে রয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা। আগামী ১২ নভেম্বরের উপনির্বাচনে দল কাকে প্রার্থী করবে, তা নিয়ে এখন অপেক্ষা।

দলীয় সূত্র জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আগ্রহী নেত্রীরা। তাঁদের অনেকে অতীতের আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দল মনোনয়ন দেবে বলে আশা করছেন।

বিএনপির নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ করা হয়। পূরণ করা ফরম শনিবার (১৭ অক্টোবর) একই কার্যালয়ে জমা দেওয়ার কথা। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম গ্রহণের সময় নির্ধারিত ছিল। দলীয় মনোনয়ন চাওয়ার এই প্রক্রিয়ার বাইরে নির্বাচন কমিশনে প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা রয়েছে।

নয়াপল্টন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বিএনপির সহমানবাধিকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু ও আয়শা সিদ্দিকা মনিও ফরম নিয়েছেন।

এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম, মহিলা দলের কেন্দ্রীয় মানব উন্নয়নবিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, বরিশাল মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তালিকায় আরও রয়েছেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা, দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা এবং প্রবীণ নারী নেত্রী জেলী চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় ছিলেন তিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা ও সিমকী ইমাম খানও ফরম নিয়েছেন।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন এবং ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিনসহ আরও কয়েকজন নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিএনপি সংরক্ষিত নারী আসন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!