বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের মূল উদ্দেশ্য শুধু প্রযুক্তির ব্যবহার বাড়ানো বা সরকারি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করা নয়। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে নাগরিকদের আরও উন্নত সেবা দেওয়াই এর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘E-ffective e-governance: Accelerating e-government and digital public services in Bangladesh’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় ডেটা গভর্ন্যান্স, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং National Responsible Data Exchange (NRDEX) Platform নিয়ে এ সেমিনারের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ই-গভর্ন্যান্স একাডেমি (eGA) এতে সহযোগিতা করে। অনুষ্ঠানটির অর্থায়নে ছিল ইউরোপীয় ইউনিয়নের Global Gateway Initiative।
ফকির মাহবুব আনাম বলেন, সরকারি প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব ডিজিটাল ব্যবস্থা চালু করলেই কার্যকর ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না। নাগরিকের একই তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বারবার চাওয়ার প্রবণতা কমানোর পাশাপাশি একই ধরনের প্রযুক্তিগত সক্ষমতা বারবার তৈরির বিষয়টিও এড়াতে হবে।
এ ক্ষেত্রে Common Capability, Interoperability এবং National Data Exchange শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, সরকারের লক্ষ্য এমন একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা, যেখানে প্রয়োজন অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলো নিরাপদ ও অনুমোদিত উপায়ে তথ্য বিনিময় করতে পারবে। এতে নাগরিকদের একই তথ্য বারবার জমা দেওয়ার প্রয়োজন কমবে।
আইসিটি মন্ত্রী বলেন, Interoperability-কে শুধু প্রযুক্তিগত বিষয় হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে সুশাসন, অভিন্ন মানদণ্ড, জবাবদিহিতা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার বিষয় সরাসরি সম্পর্কিত।
একই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বা অবকাঠামো আলাদাভাবে তৈরি না করে অভিন্ন অবকাঠামো এবং পুনর্ব্যবহারযোগ্য ডিজিটাল সক্ষমতা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
ফকির মাহবুব আনাম আরও বলেন, সরকারি তথ্য বিনিময় হতে হবে নিরাপদ, দায়িত্বশীল এবং নির্দিষ্ট নীতিমালার অধীনে। একই সঙ্গে ডিজিটাল প্রকল্প বাস্তবায়নে অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি কমিয়ে জাতীয় পর্যায়ে যৌথভাবে ব্যবহার করা যায়—এমন সক্ষমতা তৈরি করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, একজন নাগরিকের কাছে সরকার আলাদা আলাদা মন্ত্রণালয়, সংস্থা কিংবা ডেটাবেজ নয়। নাগরিকের কাছে সরকার একটি সমন্বিত সেবা কাঠামো। তাই সরকারি ডিজিটাল ব্যবস্থাগুলোকে একটি Connected Ecosystem হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সমন্বিত ডিজিটাল ব্যবস্থার ফলে সরকারি সেবার দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের আস্থাও বৃদ্ধি পাবে। এ জন্য দায়িত্বশীল ডেটা ব্যবস্থাপনা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং নিরাপদ তথ্য বিনিময়কে অগ্রাধিকার দিতে হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও আইটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ আগামী পাঁচ বছরে সরকারের প্রযুক্তি খাতের অগ্রাধিকার সম্পর্কে জানান।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে আইন ও নীতিমালা, নিরাপদ কানেক্টিভিটি, Digital Public Infrastructure (DPI), AI ও সাইবার নিরাপত্তাসহ দক্ষ জনশক্তি এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং—এই পাঁচ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে।
রেহান আসিফ আসাদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। শক্তিশালী DPI, নিরাপদ ডেটা এক্সচেঞ্জ এবং উন্মুক্ত API নিশ্চিত করার মাধ্যমে তরুণদের প্রযুক্তি উদ্ভাবনে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
স্টার্টআপ খাতকে এগিয়ে নিতে প্রতি বছর ৫০০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সঠিক নীতি প্রণয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং বিনিয়োগের উপযোগী পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশকে আন্তর্জাতিক ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সেমিনারে বাংলাদেশের সমন্বিত ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সরকারের ক্ষেত্রে ডেটার মালিকানা ও দায়িত্বশীলতা, নাগরিকের আস্থা এবং দেশের ডিজিটাল রূপান্তরের দীর্ঘমেয়াদি ভিশন ও কৌশলগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশস্থ প্রতিনিধি দলের Head of Unit ও Head of Cooperation মাইকেল ক্রেইজা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ও e-ffective e-governance প্রকল্পের প্রকল্প পরিচালক নাহিদ সুলতানা মল্লিক, e-Governance Academy Management Board-এর সদস্য ইনগ্রিড টুনেকুর্গ, eGA-এর Head of Digital Architecture and Solutions Competence Centre আরভো অট, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী এনডিসি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডিজিটাল রূপান্তর আইসিটি মন্ত্রী ডিজিটাল সরকার প্রযুক্তি বাংলাদেশ NRDEX AI
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!