খুচরা ব্যবসায়ীদের জন্য এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং সুবিধা চালু করেছে প্রিয়শপ। ছবি: সংগৃহীত
দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতের খুচরা ব্যবসায়ীদের জন্য এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং সুবিধা চালু করেছে রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ। নতুন এ সুবিধার মাধ্যমে প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত দোকানিরা বাংলায় কথা বলে পণ্যের অর্ডার দিতে ও তা ব্যবস্থাপনা করতে পারবেন।
প্রিয়শপের দাবি, বাংলাদেশের এমএসএমই রিটেইল খাতকে লক্ষ্য করে তৈরি এটিই প্রথম বাংলা ভাষাভিত্তিক ভয়েস অর্ডারিং ব্যবস্থা। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে কম অভ্যস্ত খুচরা ব্যবসায়ীদের অর্ডার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যেই ফিচারটি তৈরি করা হয়েছে।
নতুন ব্যবস্থায় একজন দোকানি কোন পণ্য কত পরিমাণে প্রয়োজন, তা বাংলায় বলেই জানাতে পারবেন। এআই অ্যাসিস্ট্যান্ট সেই কথার ভিত্তিতে কয়েক সেকেন্ডের মধ্যে সংশ্লিষ্ট পণ্যের স্টক কিপিং ইউনিট (এসকেইউ), পরিমাণ ও অর্ডারের প্রয়োজনীয় তথ্য শনাক্ত করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফলে অর্ডার দেওয়ার সময় অ্যাপে বিস্তারিত টাইপ করা বা একাধিক ধাপ অনুসরণের প্রয়োজন কমবে। প্রিয়শপ বলছে, এতে দৈনন্দিন পণ্য সংগ্রহ ও অর্ডার ব্যবস্থাপনায় দোকানিদের সময় ও শ্রম কমানো সম্ভব হবে।
আঞ্চলিক উচ্চারণ বোঝার সক্ষমতার দাবি
প্রিয়শপ জানিয়েছে, প্রযুক্তিটি বাংলা ভাষা ও দেশের স্থানীয় খুচরা ব্যবসার বাস্তবতা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। আঞ্চলিক উচ্চারণ, বিভিন্ন পণ্যের প্রচলিত নাম, বাকিতে কেনাবেচাসংক্রান্ত শব্দ এবং দোকানিদের দৈনন্দিন কথোপকথনের ধরন বুঝতে সিস্টেমটি সক্ষম বলে দাবি প্রতিষ্ঠানটির।
প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, দেশে প্রায় ৫০ লাখ খুচরা ব্যবসায়ী রয়েছেন এবং তাঁদের একটি বড় অংশ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে খুব বেশি অভ্যস্ত নন। এই বাস্তবতা বিবেচনায় ব্যবসায়ীদের নিজেদের ভাষা ও কণ্ঠ ব্যবহার করে সেবা নেওয়ার সুযোগ তৈরির লক্ষ্যেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, বাস্তব জীবনে মানুষ যেভাবে কথা বলেন, সেই ধরন বিবেচনায় রেখে ভয়েস অর্ডারিং সিস্টেমটি তৈরি করা হয়েছে, যাতে বিভিন্ন ধরনের খুচরা বিক্রেতা সহজে এটি ব্যবহার করতে পারেন।
প্রিয়শপের বাংলা ভয়েস অর্ডারিং ফিচারটি খুচরা ব্যবসার বিভিন্ন পর্যায়ে এআই ও অটোমেশন যুক্ত করার প্রতিষ্ঠানটির বৃহত্তর পরিকল্পনার অংশ। অর্ডার গ্রহণের পাশাপাশি অর্থায়ন, ডেলিভারি ও ডেটা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম সহজ করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ না দিয়ে স্থানীয় ভাষা ও ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিকে ব্যবহারযোগ্য করে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য বলে জানিয়েছে প্রিয়শপ।
প্রিয়শপ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বাংলা ভয়েস অর্ডারিং এমএসএমই খুচরা ব্যবসা প্রযুক্তি রিটেইল টেকনোলজি স্টার্টআপ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!