যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনায় গতি চান বাণিজ্যমন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৩ PM ৪৫
তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনায় গতি চান বাণিজ্যমন্ত্রী

তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) শিল্প মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে এফটিএ, তুরস্ক থেকে ফল আমদানিতে ব্যবসায়িক যোগাযোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন বাণিজ্য সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশ-তুরস্ক এফটিএ নিয়ে আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন তুরস্ক সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিনিয়োগ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানান খন্দকার আব্দুল মুক্তাদির। দুই পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করে।

তুরস্ক থেকে ফল আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে দেশটির ফল রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর পরিচিতি ও যোগাযোগের তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

শিল্পবর্জ্য ব্যবস্থাপনাও বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল। বিশেষ করে ইলেকট্রনিকস ও জাহাজ ভাঙা শিল্প থেকে উৎপন্ন বিপজ্জনক বর্জ্য পরিশোধন, সংরক্ষণ ও নিরাপদে নিষ্পত্তির ক্ষেত্রে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ জন্য দেশটির বিশেষায়িত ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) ব্যবস্থার সঙ্গে সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।

চামড়া শিল্প প্রসঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত জানান, পরিবেশগত কারণে দেশটিতে চামড়া প্রক্রিয়াজাতকরণ ও ট্যানারি কার্যক্রম কমেছে। বিপরীতে সিন্থেটিক চামড়ার ব্যবহার এবং কাঁচামাল আমদানির প্রবণতা বেড়েছে।

এদিকে কমসেকের অধীনে অনুষ্ঠেয় আসন্ন মন্ত্রী পর্যায়ের সম্মেলন এবং ওয়ার্ল্ড হালাল ইন্ডাস্ট্রিয়াল সামিট ও হালাল এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণ জানান রামিজ সেন। বাংলাদেশ জানিয়েছে, কমসেকের মূল সম্মেলনে বাণিজ্যমন্ত্রী অংশ নেবেন। পরবর্তী সম্মেলনগুলোতে বাংলাদেশের অন্যান্য প্রতিনিধিরা অংশ নেবেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, তুরস্ক দূতাবাসের ইকনমিক কাউন্সিলর এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!