ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির মধ্যেও দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
এনবিআরের কাস্টমস নীতি বিভাগ থেকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সংস্থাটির দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম। নির্দেশনায় বলা হয়েছে, ছুটির কারণে যেন দেশের বৈদেশিক বাণিজ্য ও পণ্য পরিবহনের ধারায় বিঘ্ন না ঘটে, সে জন্য নির্ধারিত দিনগুলোতে সীমিত পরিসরে কাস্টমসের কার্যক্রম চালু রাখতে হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা ও ভোমরাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কমিশনারদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকেও নির্দেশনার বিষয়টি জানানো হয়েছে।
ছুটির দিনগুলোতে বাণিজ্যিক লেনদেনের জন্য ব্যাংকিং সেবা চালু রাখার ব্যবস্থাও চেয়েছে এনবিআর। এ জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া এফবিসিসিআই, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বিজিএমইএকে সিদ্ধান্তের কথা অবহিত করা হয়েছে।
সরকারি ছুটির সময় আমদানি-রফতানি কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমানো এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখাই এ উদ্যোগের উদ্দেশ্য। তবে ওই তিন দিনে কাস্টমসের কোন সেবা কী সময়সূচিতে দেওয়া হবে, তা নির্দেশনায় নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
দুর্গাপূজা আমদানি-রফতানি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!