যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা টেকসই নয়: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ PM | সর্বশেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ PM ১১৯
নিরাপত্তা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা টেকসই নয়: পেজেশকিয়ান

মাসুদ পেজেশকিয়ান। আনাদোলু এজেন্সির পুরোনো ছবি

নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা দীর্ঘমেয়াদে টেকসই করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর মতে, কোনো দেশের অর্থনৈতিক, জ্বালানি ও উন্নয়ন অবকাঠামোয় হামলা হলে এর প্রভাব শুধু ওই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা দ্রুত অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।

রোববার (১৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস প্লাস সম্মেলনের শেষ দিনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পেজেশকিয়ান। তাঁর বক্তব্যে ইরানের অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোয় সাম্প্রতিক হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিও উঠে আসে। খবর আনাদোলু এজেন্সির।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রসঙ্গ তুলে ইরানের প্রেসিডেন্ট বলেন, এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে দেশের উন্নয়নের জন্য তৈরি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি লেবানন ও ফিলিস্তিনের গাজার পরিস্থিতিও উল্লেখ করেন। একই সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ব্রিকসকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান পেজেশকিয়ান। কোনো দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার আন্তর্জাতিক নীতিকে সমুন্নত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

অর্থনৈতিক চাপ মোকাবিলায় ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। পাশাপাশি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

পেজেশকিয়ানের বক্তব্যে ব্রিকসকে এমন একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থার প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়, যেখানে কোনো একক শক্তি অন্য দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না।

চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে দুই দিনের ব্রিকস সম্মেলনের শেষ দিনে বক্তব্য দেন পেজেশকিয়ান। সম্মেলনের সমাপনী পর্যায়ে ব্রিকসের ১১ সদস্য দেশ ‘নয়াদিল্লি ঘোষণা’ গ্রহণ করে। এতে উন্নয়নশীল দেশ ও ব্রিকসের অংশীদার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির অঙ্গীকার করা হয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!