মাগুরার কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। ছবি: সংগৃহীত
মাগুরা জেলার ৯ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে গেলে এ কর্মসূচির আওতায় মাগুরার কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সার ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। জেলার ১৪৭ জন নতুন ও পুরোনো সার ডিলার সভায় অংশ নেন।
জেলা প্রশাসক বলেন, কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে কৃষি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিকভাবে জেলার ৯ হাজার কৃষক এ সুবিধার আওতায় আসছেন। তবে কার্ড বিতরণের বিস্তারিত প্রক্রিয়া বা কৃষক নির্বাচনের মানদণ্ড সম্পর্কে তিনি সভায় কিছু জানাননি।
সভায় জেলার সার সরবরাহ ও বিক্রির পরিস্থিতি নিয়েও কথা বলেন মো. মোতাকাব্বির আহমেদ। তাঁর দাবি, বর্তমানে মাগুরায় সারের কোনো কৃত্রিম সংকট নেই এবং কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগও পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে সার নিয়ে স্থানীয়ভাবে কোনো সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে বিষয়ে ডিলারদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকারি নিয়ম মেনে সার বিক্রির জন্য ডিলারদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। একই সঙ্গে সার সংরক্ষণ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় নতুন ও পুরোনো সার ডিলারদের আইনানুগ দায়িত্ব, সার সংরক্ষণের নিয়ম, সুষ্ঠু বিতরণ এবং সরকারি বিধিবিধান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী।
সভায় মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মেহেরুন্নাহার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলার সার ডিলারেরা উপস্থিত ছিলেন।
মাগুরা কৃষি কার্ড
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!