জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত
জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় ঢাকাসহ দেশের আটটি জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার (২৪ নভেম্বর) এসব এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে বিজিবি সদর দপ্তর জানিয়েছে।
বিজিবির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েনের পাশাপাশি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বাহিনীর সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, জনসাধারণের নিরাপত্তা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দেওয়াই এ মোতায়েনের উদ্দেশ্য।
মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সংশ্লিষ্ট এলাকাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি বাড়ানো হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে মাঠপর্যায়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বজায় রাখতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাঠপর্যায়ের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন। মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক যাতায়াত এবং দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখার পাশাপাশি সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।
বিজিবি মোতায়েন ১০১ প্লাটুন বিজিবি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!