চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক চন্দা শর্মা কান্তা। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে নিজ বাসা থেকে চন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাসায় পরিবারের অন্য কেউ ছিলেন না। রাতে কর্মস্থল থেকে ফিরে চন্দার স্বামী মলই কান্তি শর্মা দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও দরজা খুলতে না পেরে বাড়ির দারোয়ানকে ডাকেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চন্দাকে দেখতে পান তাঁরা। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
চন্দা শর্মা কান্তা সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে। তাঁর স্বামী মলই কান্তি শর্মা। দম্পতির কোনো সন্তান নেই বলে সংবাদসূত্রে উল্লেখ করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সেখানে কোনো চিরকুট পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যেতে পারে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
চন্দা শর্মা কান্তা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কলেজ শিক্ষিকার মৃত্যু
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!