যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল খানের বিদায়ে স্মৃতিকাতর সহকর্মীরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ PM ৮
সোহেল খানের বিদায়ে স্মৃতিকাতর সহকর্মীরা

আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিনেতা সোহেল খানকে স্মরণ করছেন শোবিজ অঙ্গনের সহকর্মীরা। ছবি: সংগৃহীত

অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের বিনোদন অঙ্গনে। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, নির্মাতা ও সংগীতশিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ ও শোকবার্তা প্রকাশ করছেন। অনেকেই প্রিয় এই অভিনেতার চলে যাওয়ার খবর মেনে নিতে পারছেন না।

কানাডাপ্রবাসী অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি সামাজিক মাধ্যমে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এটা কী শুনলাম!’ অভিনেতা চঞ্চল চৌধুরীও সোহেল খানকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সোহেল ভাই…! পরলোকে শান্তিতে থাকুন। আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভিড় জমাচ্ছে।’

অভিনেতা ও নির্মাতা কচি খন্দকারের সঙ্গে সোহেল খানের দীর্ঘদিনের কাজের সম্পর্ক ছিল। বিভিন্ন নাটক ও নির্মাণে একসঙ্গে কাজ করার স্মৃতি তুলে ধরে তিনি জানান, সম্প্রতি সোহেল খান ফোন করে আবার একসঙ্গে কাজ করার কথা বলেছিলেন। কিন্তু সেই প্রত্যাশিত কাজ আর হয়ে উঠবে না। সহকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান কচি খন্দকার।

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাও সোহেল খানের একটি ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করেছেন। সহকর্মীদের সঙ্গে দেখা হলে তাঁর মজার কথাবার্তা ও পরিচিত আচরণের কথা তুলে ধরে ছন্দা লেখেন, সকাল থেকে সামাজিক মাধ্যমে সোহেল খানের ছবি দেখছেন, অথচ মানুষটি আর কথা বলবেন না—এই বাস্তবতা মেনে নেওয়া কঠিন। অভিনয় করতে করতেই একজন শিল্পীর পৃথিবী থেকে বিদায় নেওয়ার আকাঙ্ক্ষার কথাও তাঁর পোস্টে উঠে এসেছে।

সংগীতশিল্পী রবি চৌধুরীও অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন। শুটিংস্থলে তাঁর মৃত্যুর খবর উল্লেখ করে রবি লেখেন, দেখা হলেই সোহেল খান তাঁকে নিজের এলাকায় গান গাওয়ার আমন্ত্রণ জানাতেন। সেই আমন্ত্রণ আর রক্ষা করা হলো না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। অভিনেত্রী মৌসুমী নাগ সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, ‘শান্তিতে ঘুমান।’

এ ছাড়া চিত্রনায়ক শিপন মিত্র, জায়েদ খান, অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, ইমু সিকদার এবং অভিনেতা মুকিত জাকারিয়াসহ বিনোদন অঙ্গনের আরও অনেকে সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

মো. ইকবালের পরিচালনায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেল থেকে শুটিংয়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে দ্রুত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল খানের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে। তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ‘নসিব’ সিনেমার নির্মাতা মো. ইকবাল। সেখানে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হবে। গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রায় দুই দশক আগে বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পান। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর কাজের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন তিনি। ফারুকীর ব্যঙ্গাত্মক রাজনৈতিক ধারার ‘৪২০’ নাটকে বিশু চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সোহেল খান।

এরপর ‘হাউসফুল’, ‘ডিটেকটিভ’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘সৈয়দ বাড়ির বউ’, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’, ‘বিয়ের দাওয়াত রইলো’ ও ‘টু বি কন্টিনিউড’সহ বিভিন্ন নাটকে অভিনয় করেন তিনি।

২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে ‘স্পার্টাকাস ৭১’, ‘কমন জেন্ডার’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘অনেক সাধের ময়না’, ‘পরবাসিনী’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘বীর’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল খান।

সোহেল খান তারকাদের শোক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!