পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশে অবস্থানরত অন্য দণ্ডপ্রাপ্ত আসামিরা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাঁদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশে ফেরার পর তাঁদের কারাগারে পাঠানোর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম করা হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে প্রত্যাবর্তনের আলোচনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের মতোই আইনের আওতায় থাকবেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ও দণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে অবস্থানরত অন্য আসামিদের বিষয়ে সরকারের যে অবস্থান, তাঁর ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। প্রত্যর্পণ বা দেশে ফেরার বিষয়ে বিমান কিংবা অন্য কোনো পরিবহন পাঠানোর আলোচনা সরকারের সঙ্গে হয়নি বলেও জানান তিনি।
শেখ হাসিনাকে দেশে আনতে বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা অন্য কোনো যান পাঠানোর বিষয়ে সরকারের কোনো আলোচনা নেই বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এ নিয়ে বারবার প্রশ্ন তোলাকে সরকারের সময় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের ব্যাঘাত হিসেবে দেখছেন তিনি। তাঁর ভাষ্য, এ বিষয়ে সরকারের অবস্থান আগেও স্পষ্ট করা হয়েছে এবং ভবিষ্যতেও একই অবস্থান থাকবে।
শেখ হাসিনাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ্যে নেই। তাঁর অবস্থান বা সম্ভাব্য যাতায়াতের বিষয়ে আলোচনা করার চেয়ে সরকারের নির্ধারিত আইনি অবস্থানই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ড, গুম এবং জুলাই-আগস্টের সহিংসতার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন দেশে অবস্থান করলে তাঁদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ভারতসহ বিভিন্ন দেশে থাকা আসামিদের ফেরত আনার বিষয়ে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনাকে রাজনৈতিক প্রচারণা হিসেবে অভিহিত করেন শামা ওবায়েদ। তাঁর বক্তব্য, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হবে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলার মতো বক্তব্য বা উদ্যোগ নিয়েও সমালোচনা করেন তিনি।
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের এসব নথি দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও এ নিয়মের ব্যতিক্রম হবে না বলে জানান তিনি।
শেখ হাসিনা শামা ওবায়েদ ইসলাম
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!