প্রস্তাবিত বরিশল উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে পাঘাচং স্টেশনে রেললাইন অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার উদ্যোগের বিরোধিতা করে রেললাইনে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঘাচং রেলওয়ে স্টেশনে অবরোধ চলায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বরিশল গ্রামকে পৃথক করে ‘বরিশল’ নামে একটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে ওই ইউনিয়নকে উপজেলায় উন্নীত করার প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই প্রস্তাবের সঙ্গে মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এ উদ্যোগের প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলস্টেশনসংলগ্ন বাজার মাঠে সমাবেশ করেন ইউনিয়নের বাসিন্দারা। স্থানীয় বিএনপি নেতারা কর্মসূচিতে নেতৃত্ব দেন। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে একদল বিক্ষুব্ধ মানুষ রেললাইনে অবস্থান নিলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচং স্টেশনে আটকে পড়ে। দুপুর ১২টার দিকে অবরোধকারীরা রেললাইন ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার, যিনি পাঘাচং গ্রামের বাসিন্দা, জানান, মাছিহাতা ও বাসুদেব ইউনিয়নের পাশাপাশি বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকেও প্রস্তাবিত বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, স্থানীয়রা কোনোভাবেই বরিশল উপজেলার সঙ্গে যুক্ত হতে চান না। তাঁদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও দীর্ঘ করার হুঁশিয়ারিও দেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানিয়েছেন, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়ায় রেল অবরোধ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!