যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি ভারতের সঙ্গে আলোচনার: জাহেদ উর রহমান

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ PM ৮
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি ভারতের সঙ্গে আলোচনার: জাহেদ উর রহমান

সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, কোন বিমানে ফিরবেন কিংবা কীভাবে তাঁকে হস্তান্তর করা হবে, এসব বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি আলোচনা নয়, বরং ভারতের সঙ্গে যোগাযোগ করবে সরকার।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে আলোচনায় তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরেন। তাঁর বক্তব্য, শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বাংলাদেশও তাঁকে ফেরত চায়। ফলে প্রত্যর্পণের বিষয়ে দুই পক্ষের অবস্থান একসঙ্গে মিলেছে বলে মনে করেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানে দেশে ফিরতে আগ্রহী বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, সেটি বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনার বিষয়। তিনি শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে ফেরত চায়।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে উপদেষ্টা বলেন, দুই দেশই প্রতিবেশী হওয়ায় পারস্পরিক যোগাযোগ ও ইতিবাচকভাবে সম্পৃক্ত থাকার বিকল্প নেই। প্রতিবেশী দেশ হিসেবে উভয় পক্ষেরই সম্পর্ক বজায় রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইনি জটিলতা আছে কি না, এমন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তিনি দেশে ফিরতে চাইলে আদালতে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ থাকতে পারে। তবে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাংলাদেশের প্রত্যর্পণের দাবির মধ্যে সমন্বয় ঘটলে হস্তান্তরের প্রক্রিয়া সহজ হতে পারে বলে তাঁর মত।

উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে জোর করে প্রত্যর্পণ করার পরিস্থিতি নয় বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ইচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশ তাঁকে ফেরত চেয়েছে। এ অবস্থায় ভারতের কাছে তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানানো যেতে পারে।

সংবাদ ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা জাহেদ উর রহমান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!