যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-এনসিপির শর্ত ও পাটোয়ারীর বক্তব্যে ঐক্য বাধাগ্রস্ত: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ PM ৮
জামায়াত-এনসিপির শর্ত ও পাটোয়ারীর বক্তব্যে ঐক্য বাধাগ্রস্ত: আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। ছবি: সংগৃহীত

রাজনৈতিক ঐক্যের উদ্যোগের মধ্যে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন শর্ত এবং এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্য সমন্বিত উদ্যোগকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তাঁর মতে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে শর্ত আর অসংযত বক্তব্য ইতিবাচক ভূমিকা রাখছে না।

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবু হানিফ এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। সেখানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য উল্লেখ করেন। তাঁর উদ্ধৃতি অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে নেওয়ার বিষয়টিকে রাজনৈতিক ঐক্যের সঙ্গে যুক্ত করেছেন গোলাম পরওয়ার। গণভোটের রায় গ্রহণ করা হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে এবং জামায়াত সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করবে বলেও তাঁর বক্তব্যে উল্লেখ রয়েছে।

একই পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যও তুলে ধরেন আবু হানিফ। নাহিদের দাবি, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের ব্যবস্থা করা উচিত। তাঁর মতে, এ পদক্ষেপ সরকারের জাতীয় ঐকমত্যের প্রতি আন্তরিকতা প্রকাশ করবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে ইতিবাচক বার্তা পৌঁছাবে।

এনসিপির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্য নিয়েও সমালোচনা করেন গণঅধিকার পরিষদের মুখপাত্র। পাটোয়ারীর বক্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে ভুল স্বীকার করে মুচলেকা দেওয়ার কথা বলা হয়েছে। এ ধরনের বক্তব্যকে তিনি রাজনৈতিক সমঝোতার পরিবেশ তৈরির ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে দেখছেন।

আবু হানিফের ভাষ্য, সরকার যখন বৃহত্তর জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানাচ্ছে, তখন জামায়াত ও এনসিপির পক্ষ থেকে বিভিন্ন শর্ত সামনে আনা হচ্ছে। পাশাপাশি এনসিপির শীর্ষ নেতাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও দলের অন্য নেতার বক্তব্যে ভিন্ন সুর দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে মনে করেন আবু হানিফ। তাঁর মতে, এ ক্ষেত্রে পারস্পরিক সহনশীলতা, সংযত বক্তব্য এবং শর্তহীন সহযোগিতার পরিবেশ তৈরি করা জরুরি। রাজনৈতিক বিভাজন ও শর্তের পরিবর্তে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান।

আবু হানিফ গণঅধিকার পরিষদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!