রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের অনুপস্থিতি নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অভিযোগ, আমন্ত্রণ জানানো সত্ত্বেও অনুষ্ঠানের প্রধান মঞ্চে বিরোধী দলের প্রতিনিধিদের না থাকা শহীদ পরিবারগুলোর প্রতি অবজ্ঞার শামিল। একই সঙ্গে তিনি দাবি করেন, বিরোধী দল জুলাইয়ের চেতনাকে যথাযথভাবে ধারণ করছে না।
সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন এবং উদ্যানের আধুনিকায়ন করা অংশ উন্মুক্ত করার পর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সরকারের সমালোচনা করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক ও বাস্তবসম্মত। তাঁর মতে, বিরোধী দল সরকারের বিরোধিতা করলেও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রতি তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। আমন্ত্রণ পাওয়ার পরও বিরোধীদলীয় নেতার অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি এ সমালোচনা করেন।
বিরোধী দলের শাসক দলের সঙ্গে একই মঞ্চে বসতে আপত্তি থাকলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আলাদাভাবে বসার সুযোগ ছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে বিবেচনা করা উচিত।
জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ভোটের মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্ধারণ করেছে। নির্বাচনে বিএনপি সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছে এবং অন্য দল বিরোধী দলের আসনে বসেছে। সরকার ও বিরোধী দল—উভয় পক্ষই জনগণের ভোটের মাধ্যমেই নিজ নিজ অবস্থান পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!