যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীর যে রহস্যময় স্থানে কমে যায় মাধ্যাকর্ষণ শক্তি

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০২:১২ PM ৯৪

ছবি: সংগৃহীত

পৃথিবীর সব জায়গায় মাধ্যাকর্ষণ শক্তির মাত্রা এক নয়। কোনো কোনো অঞ্চলে এর প্রভাব সামান্য বেশি, আবার কিছু এলাকায় তুলনামূলকভাবে কম। ফলে একই ব্যক্তির ওজনও স্থানভেদে অল্প পরিবর্তিত হতে পারে।

মাধ্যাকর্ষণের এই পার্থক্য বোঝার জন্য যুক্তরাষ্ট্র ও জার্মানির বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে দীর্ঘ সময় ধরে গবেষণা চালিয়েছেন। ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত পরিচালিত গ্র্যাভিটি স্যাটেলাইট মিশনের আওতায় দুটি স্যাটেলাইট পৃথিবী প্রদক্ষিণ করার সময় তাদের মধ্যকার দূরত্বের ক্ষুদ্র পরিবর্তন পরিমাপ করা হয়। শক্তিশালী মাধ্যাকর্ষণ অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় একটি স্যাটেলাইট সামান্য দ্রুত এগিয়ে যেত। এসব তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর মাধ্যাকর্ষণের বিস্তারিত মানচিত্র তৈরি করেন।

গবেষণায় দেখা গেছে, ভারত মহাসাগরের একটি বিশাল এলাকায় মাধ্যাকর্ষণ শক্তি তুলনামূলকভাবে কম। এই অঞ্চলটি ‘ইন্ডিয়ান ওশান জিওয়েড লো’ (Indian Ocean Geoid Low) নামে পরিচিত। শ্রীলঙ্কার দক্ষিণে অবস্থিত এই মহাকর্ষীয় ব্যতিক্রম অঞ্চলটি বাংলাদেশের দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে প্রায় ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রায় ৩০ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই অঞ্চলকে অনেক সময় ‘গ্র্যাভিটি হোল’ বা মাধ্যাকর্ষণ গর্ত বলা হয়। এখানে মাধ্যাকর্ষণ শক্তি দুর্বল হওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় ১০৬ মিটার নিচে রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, এই ধরনের মাধ্যাকর্ষণ পার্থক্যের সঙ্গে শুধু পাহাড় বা সমুদ্রের গভীরতার সম্পর্ক নেই। পৃথিবীর অভ্যন্তরে ভরের অসম বণ্টনই এর প্রধান কারণ। বিশেষ করে ভূত্বকের নিচে ম্যান্টল স্তরে বিভিন্ন ঘনত্বের শিলার উপস্থিতির কারণে এমন পরিবর্তন তৈরি হয়।

অ্যান্টার্কটিকার নিচেও পৃথিবীর অন্যতম দুর্বল মাধ্যাকর্ষণ অঞ্চল রয়েছে, যাকে ‘অ্যান্টার্কটিক জিওয়েড লো’ বলা হয়। গবেষকদের মতে, কোটি কোটি বছর ধরে পৃথিবীর অভ্যন্তরে চলা ধীরগতির ভূতাত্ত্বিক পরিবর্তন এসব অঞ্চলের মাধ্যাকর্ষণ বৈচিত্র্যের পেছনে ভূমিকা রেখেছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিজ্ঞানী আলেসান্দ্রো ফোর্টের নেতৃত্বাধীন গবেষণায় বলা হয়েছে, প্রায় ৩ থেকে ৫ কোটি বছর আগে এসব মাধ্যাকর্ষণ অস্বাভাবিকতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

তবে এই পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনে অনুভব করার মতো নয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ব্যক্তির ওজন ৯০ কেজি হলে পৃথিবীর সবচেয়ে দুর্বল মাধ্যাকর্ষণ অঞ্চলে দাঁড়ালে তার ওজন অন্য এলাকার তুলনায় মাত্র ৫ থেকে ৬ গ্রাম কম হতে পারে।

পৃথিবীর মাধ্যাকর্ষণ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!