ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সংযুক্ত দুটি দূর-অনুধাবন উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠিয়েছে চীন। এসব উপগ্রহ কৃষি উৎপাদন, দুর্যোগ পূর্বাভাস এবং দ্রুত তথ্য বিশ্লেষণে নতুন সক্ষমতা তৈরি করবে বলে জানিয়েছে দেশটি।
বুধবার (৫ আগস্ট) পূর্ব চীনের শানডং প্রদেশের উপকূলীয় জলসীমা থেকে ‘স্মার্ট ড্রাগন-৩’ রকেটের মাধ্যমে উপগ্রহ দুটি উৎক্ষেপণ করা হয়। এটি ছিল স্মার্ট ড্রাগন-৩ রকেটের ১২তম মিশন।
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান স্টার ডট এআই স্পেশিও-টেম্পোরাল ইন্টেলিজেন্স টেকনোলজি কোম্পানি লিমিটেড উপগ্রহ দুটি তৈরি করেছে। এগুলো উজবেকিস্তান ও ইন্দোনেশিয়ার জন্য এআইভিত্তিক রিমোট সেন্সিং সেবা দেবে।
প্রচলিত উপগ্রহের মতো শুধু পৃথিবীতে তথ্য পাঠানোর পরিবর্তে নতুন এআইচালিত উপগ্রহগুলো মহাকাশেই প্রাথমিক তথ্য বিশ্লেষণ ও কম্পিউটিংয়ের কাজ করতে পারবে। ফলে দুর্যোগ সতর্কতা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়া সম্ভব হবে।
চীনের তথ্য অনুযায়ী, একটি উপগ্রহ উজবেকিস্তানের তুলা চাষের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণে ব্যবহার করা হবে। বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত বিভিন্ন ধাপের তথ্য বিশ্লেষণে এটি সহায়তা করবে।
অন্যদিকে, দ্বিতীয় উপগ্রহটি ইন্দোনেশিয়ার কৃষি খাতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এটি ফসলের অবস্থা পর্যবেক্ষণ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নির্ধারণ এবং কৃষি পরিকল্পনায় সহায়তা করবে।
চীন জানিয়েছে, এআই ও মহাকাশ প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই মিশন ভবিষ্যতে কৃষি, আবহাওয়া পর্যবেক্ষণ, খনিজ অনুসন্ধান ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চীন এআই প্রযুক্তি উপগ্রহ স্মার্ট ড্রাগন-৩ রকেট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!