যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬,১২ অগ্রহায়ণ ১৪৩৩

সবজিতে এখনো ঊর্ধ্বমুখী দাম, কমেছে মুরগি ও ডিম

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ PM ৫১
সবজিতে এখনো ঊর্ধ্বমুখী দাম, কমেছে মুরগি ও ডিম

রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বেশ কিছু পণ্যের দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। ছবি: সংগৃহীত

শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও রাজধানীর বাজারে সব ধরনের পণ্যের দামে এখনো স্বস্তি ফেরেনি। সাম্প্রতিক বৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হওয়া এবং সরবরাহ কমে যাওয়ায় কিছু সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে মুরগি ও ডিমের বাজারে গত কয়েক সপ্তাহে দাম কমায় ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন মৌসুমের দেশি পাকা টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকায়। ব্যবসায়ীদের ভাষ্য, ভারত থেকে পাকা টমেটো আমদানি কমে যাওয়ায় দেশি টমেটোর দাম এখনো বেশি। বাজারে সরবরাহ বাড়লে দামও কমতে পারে বলে তাঁদের ধারণা।

গত কয়েক সপ্তাহে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় অনেক পণ্যের দাম আগের তুলনায় কমেছিল। কিন্তু গত সপ্তাহে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে মাঠের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়। এর প্রভাব আবারও খুচরা বাজারে পড়েছে। যদিও পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বেশ কিছু সবজির দাম ফের নিম্নমুখী।

বাজারে বর্তমানে আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা প্রতিটি। প্রতি কেজি শিমের দাম ৬০ থেকে ৮০ টাকা, তবে ভালো মানের শিমের দাম ১০০ টাকা পর্যন্ত উঠেছে। পটোল, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা ৬০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুনের দাম রয়েছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে।

এ ছাড়া প্রতি কেজি পেঁপে ২৫ টাকা, লতি ও বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। লম্বা লাউ ও চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায় কেনা যাচ্ছে।

আলুর বাজারেও নতুন ও পুরনো পণ্যের দামে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। নতুন আলু প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, আর পুরনো আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পাকা টমেটো ১৪০ থেকে ১৫০ টাকা এবং কাঁচা টমেটো ৬০ থেকে ৮০ টাকা কেজি। পেঁয়াজের দাম রয়েছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে।

সবজির বাজারে পুরোপুরি স্বস্তি না ফিরলেও মুরগি ও ডিমের দাম কমেছে। বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং কালারবার্ড বা হাইব্রিড সোনালি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ১৫ দিন আগেও ব্রয়লারের দাম ছিল ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৩০ টাকা। সে হিসাবে এসব মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।

ফার্মের ডিমের দামও গত কয়েক সপ্তাহে হ্রাস পেয়েছে। বাদামি ডিমের এক ডজন এখন ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ডজনে প্রায় ১০ টাকা কম। ব্যবসায়ীরা বলছেন, শীতের সময় মুরগি ও ডিমের চাহিদা কিছুটা কমে এবং উৎপাদন বাড়ায় দাম নিম্নমুখী হয়েছে। তবে গরুর মাংসের বাজারে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়।

জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. জুয়েল জানান, বৃষ্টির কারণে গত সপ্তাহে আড়তে সবজির সরবরাহ কমে গিয়েছিল, ফলে দাম বেড়েছিল। বর্তমানে বেশির ভাগ সবজির দাম কমলেও পাকা টমেটোর ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। আমদানি করা টমেটোর সরবরাহ কমে যাওয়ায় দেশি পাকা টমেটোর দাম এখনো বেশি। সরবরাহ বাড়লে দাম কমবে বলে আশা করছেন তিনি।

রামপুরা বাজারে কেনাকাটা করতে আসা সাজ্জাদ হোসেনের মতে, শীত মৌসুমে সাধারণত সবজির দাম কম থাকার কথা। কিন্তু এবার এখনো অনেক সবজি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে কিনতে হচ্ছে, যা ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

মালিবাগ বাজারের বিক্রেতা খোরশেদ আলমও বৃষ্টির কারণে ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেন। তাঁর প্রত্যাশা, আগামী কয়েক দিনে নতুন শীতকালীন সবজির সরবরাহ বাড়লে বাজারে দাম আবার কমবে।

সবজির বাজার ঢাকার বাজারদর শীতকালীন সবজি টমেটোর দাম ব্রয়লার মুরগির দাম ডিমের দাম গরুর মাংস নিত্যপণ্যের দাম বাজার পরিস্থিতি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!