জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ব্যক্তিকে যোগ্য দেখিয়ে পাঠানোর অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রয়োজনে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়ম মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।
বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রসঙ্গে মন্ত্রী জানান, কোনো খরচ ছাড়াই গত বৃহস্পতিবার ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে কাজে গেছেন। আগামী ৯ তারিখে আরও একটি দল সেখানে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রবাসীদের বিদেশে আইনি সহায়তা নিশ্চিত করতে একটি ল ফার্ম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আরিফুল হক চৌধুরী। বিদেশে বিভিন্ন দুর্ঘটনা, যুদ্ধ বা অন্য ঘটনায় প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি বিএমইটি কার্ড না থাকলেও নিহত প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
প্রবাসীদের স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনিক সমন্বয় বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে প্রবাসীদের সমস্যা নিয়ে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে। বিমানবন্দরে সার্বক্ষণিক চিকিৎসক দল রাখার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সরকারের উদ্যোগের পাশাপাশি তাঁদেরও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রিক্রুটিং এজেন্সি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!