সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত
বিয়ের খবর নিয়ে কয়েক দিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে নিজের জীবনের নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের ছবিতে নবদম্পতিকে কখনো আংটি বদল করতে, কখনো বিয়ের নথিতে স্বাক্ষর করতে, আবার কখনো একে অপরকে আলিঙ্গন করতে দেখা গেছে। তবে প্রকাশিত ছবিগুলোতে দুজনের মুখ পুরোপুরি স্পষ্ট না রাখার বিষয়টি নজরে এসেছে। কয়েক দিন আগে বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এবার নিজের পোস্টের মাধ্যমে বিষয়টি সামনে আনলেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের সাজে প্রচলিত উজ্জ্বল রঙের পরিবর্তে অফ-হোয়াইট পোশাক বেছে নিয়েছিলেন মিমি। পোশাকে সোনালি জরির কাজ ও মুক্তার নকশা ছিল। তাঁর অলংকারেও ছিল সোনালি ও পান্নার ছোঁয়া। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন আইভরি রঙের পাঞ্জাবি, যার ওপরও সোনালি কারুকাজ ছিল।
বিয়ের আয়োজনের সাজসজ্জায় ফুলের ব্যবহার ছিল উল্লেখযোগ্য। প্রকাশিত ছবিতে ফুল দিয়ে সাজানো পরিবেশে দুজনকে আংটি বদল ও অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নিতে দেখা যায়। বিয়ের আয়োজন ও প্রস্তুতির দায়িত্ব নিজেদের হাতেই সামলেছেন মিমি ও সিদ্ধার্থ বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সিদ্ধার্থ দত্ত চলচ্চিত্র বা টেলিভিশন জগতের সঙ্গে সরাসরি যুক্ত নন। তিনি পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। তবে তাঁর পরিবারের সঙ্গে বাংলা বিনোদনজগতের সম্পর্ক রয়েছে। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী ত্রমিলা ভট্টাচার্য বাংলা টেলিভিশনের পরিচিত অভিনেত্রী। মিমি ও ত্রমিলা আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিলেন; বিয়ের পর তাঁদের সম্পর্ক এখন আত্মীয়তার বন্ধনে যুক্ত হলো।
আইনি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নিজের পোষ্য কুকুর চিকু জুনিয়রকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন মিমি। বিশেষ দিনেও প্রিয় পোষ্যকে পাশে রাখার বিষয়টি তাঁর পশুপ্রেমের পরিচিত দিকটিকেই তুলে ধরেছে।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছিল। অনুষ্ঠান শেষে বাইরে অপেক্ষমাণ সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। গাড়িতে ওঠার আগে তাঁদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং সংবাদকর্মীদের জন্য মিষ্টিও পাঠান।
আইনি বিয়ের পর আগামী সপ্তাহে উত্তরবঙ্গে আরও আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করার পরিকল্পনা রয়েছে মিমি ও সিদ্ধার্থের। আগামী ৫ ডিসেম্বর তাঁদের সাত পাকে বাঁধা পড়ার কথা রয়েছে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর কালিম্পংয়ে প্রাক্-বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর কলকাতায় ফিরে ১২ ডিসেম্বর টালিউডের বন্ধু ও সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করবেন অভিনেত্রী।
মিমি চক্রবর্তী মিমির বিয়ে সিদ্ধার্থ দত্ত কলকাতার অভিনেত্রী টালিউড মেরিন ইঞ্জিনিয়ার মিমির বিয়ের ছবি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!