ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ দখল নিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁকে দায়িত্ব থেকে সরানোর আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ভারতের জনগণের প্রতি এ আহ্বান জানিয়ে বলেছেন, এ ধরনের ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করা হলে ভারত নিজেও ক্ষতির মুখে পড়বে।
শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে পশ্চিমবঙ্গের নাগরিকসহ ভারতের জনগণকে অর্জুন সিংয়ের বক্তব্য ও তাঁর রাজনৈতিক অবস্থান সম্পর্কে সতর্ক হওয়ার আহ্বান জানান গাজী আতাউর রহমান। তাঁর মতে, অন্য একটি দেশ দখলের কথা বলা আধুনিক রাষ্ট্রব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে তিনি বলেন, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বাংলাদেশ দখলের কথা বলেছেন, যা দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্য হতে পারে না। প্রতিবেশী রাষ্ট্রের ইতিহাস, ঐতিহ্য ও সক্ষমতা সম্পর্কে যথাযথ ধারণা না থাকা এবং নিজের দায়িত্বের সীমা না বোঝার প্রতিফলন এ ধরনের বক্তব্যে দেখা যায় বলে মন্তব্য করেন তিনি। এমন ব্যক্তিকে মন্ত্রীর দায়িত্বে রাখা হলে ভারতের জনগণের নিজেদের ভবিষ্যৎ নিয়েও ভাবা উচিত বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের মহাসচিব।
অর্জুন সিংয়ের বক্তব্যকে অবাস্তব ও ভিত্তিহীন আখ্যা দিয়ে গাজী আতাউর রহমান বলেন, এ ধরনের কথাবার্তা বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন। তাঁর ভাষ্য, মিথ্যা তথ্য ও কল্পনার ওপর নির্ভর করে দেওয়া বক্তব্য গুরুত্ব পাওয়ার যোগ্য নয়। এ ধরনের মন্তব্যের জবাবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তাও তিনি দেখেন না বলে বিবৃতিতে উল্লেখ করেন।
বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর অবস্থানের কথা জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি কোনো ধরনের হুমকি বা অবমাননা করা হলে তার যথাযথ জবাব দেওয়া হবে।
অখণ্ড ভারতপন্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি নিজেদের স্বার্থের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পশ্চিমবঙ্গের জনগণকে অর্জুন সিং এবং তাঁর সমর্থকদের রাজনৈতিকভাবে ক্ষমতা থেকে সরানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও বলেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এ ধরনের বক্তব্য কেবল অবাস্তব নয়, বরং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও দায়িত্বহীনতার পরিচয় দেয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী আতাউর রহমান অর্জুন সিং
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!