যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬,১২ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্য সংকট নিরসনে কাপ্তাই সড়ক অবরোধ করবেন চুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ PM ৯
উপাচার্য সংকট নিরসনে কাপ্তাই সড়ক অবরোধ করবেন চুয়েট শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দাবিতে এবার কাপ্তাই সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে অবরোধের ঘোষণা দেওয়া হয়। এর আগে একই দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রামের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। উপাচার্য নিয়োগসংক্রান্ত বিরোধের সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপও চেয়েছেন তাঁরা।

উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থা কাটাতে বুধবার রাতে শিক্ষার্থীদের একটি সভায় বৃহস্পতিবার আবারও ‘কমপ্লিট শাটডাউন’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। সংকটের সমাধান না হওয়ায় এবার সড়ক অবরোধের পথে যাচ্ছেন আন্দোলনকারীরা।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মনসুর আলম জানান, শুক্রবার জুমার নামাজের পর কাপ্তাই সড়ক পুরোপুরি অবরোধ করা হবে। তাঁর মতে, উপাচার্য ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হওয়া সম্ভব নয়। দ্রুত সংকটের সমাধান করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

মনসুর আলম আরও বলেন, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করা সম্ভব না হলে আলোচনার মাধ্যমে চুয়েটের অন্য কোনো শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। শিক্ষার্থীরা এ বিষয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চান।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পরদিন থেকেই আন্দোলন শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। তাঁদের অন্যতম দাবি ছিল অধ্যাপক সায়েমকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর চুয়েটের একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হয়। কিন্তু উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের নিষ্পত্তি না হওয়ায় ক্যাম্পাসে অস্থিরতা অব্যাহত রয়েছে। নতুন করে শাটডাউন ও সড়ক অবরোধের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে আবারও বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

চুয়েট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!