যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬,১২ অগ্রহায়ণ ১৪৩৩

ছাগলনাইয়া সীমান্তে বিজিবির টহল দল চার গুণ, বাড়ল জনবল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ PM | সর্বশেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ PM ১০
ছাগলনাইয়া সীমান্তে বিজিবির টহল দল চার গুণ, বাড়ল জনবল

ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগে সীমান্ত এলাকায় একটি টহল দল দায়িত্ব পালন করলেও বর্তমানে নিয়মিত কাজ করছে চারটি দল। পাশাপাশি উপজেলার ছয়টি সীমান্ত ক্যাম্পে নতুন করে সদস্য যুক্ত করায় সীমান্তজুড়ে বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর অংশ হিসেবে টহল দলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি টহল দলে সদস্যসংখ্যা ৮ থেকে ১২ জন করা হয়েছে। এ ছাড়া ছাগলনাইয়া সীমান্তের ছয়টি ক্যাম্পে প্রতিটিতে নতুন করে ৮ থেকে ১০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় কয়েকজন নাগরিককেও সম্পৃক্ত করা হয়েছে।

সীমান্তে সন্দেহজনক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও।

এর আগে গত ২২ নভেম্বর বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) ও সীমান্তের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। ভারত থেকে কোনো বিতর্কিত বা সন্দেহভাজন ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি। পরে তিনি বিলোনিয়ার মজুমদার হাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম কালবেলাকে বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বাহিনীটি। অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের আশঙ্কায় দেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ফেনীর ছাগলনাইয়া সীমান্তেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!