ছবি: সংগৃহীত
ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব ভাস্কো দা গামার স্ট্রাইকার দাভিদ কোরেয়াকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মাদক, অস্ত্র ও অর্থ পাচারসংক্রান্ত একটি অপরাধী চক্রের তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রিও ডি জেনিরোর জাকারাপাগুয়ায় ক্লাবটির অনুশীলন কেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন আ ত্রোপা’ নামের বিশেষ অভিযানের আওতায় এই গ্রেপ্তার করা হয়েছে। রিও ডি জেনিরোর সিভিল পুলিশ অভিযানটি পরিচালনা করে। এস্পিরিতো সান্তো রাজ্যের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি নির্দেশ দিয়েছিলেন।
অনুশীলন শুরুর ঠিক আগে দুটি পুলিশের গাড়ি ক্লাবের মাঠে পৌঁছায়। সে সময় অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন দাভিদ। পুলিশ তাঁকে মাঠ থেকে নিয়ে যাওয়ার আগে তাঁর মুঠোফোন জব্দ করে। পরে তাঁকে থানায় নেওয়া হয়।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আদালতের নথি অনুযায়ী, গত অক্টোবরের শেষ দিকে দাভিদকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিচারক ক্রিস্টিনা এলার পিমেন্তা বের্নার্দোর আদেশে তাঁর জব্দ করা মুঠোফোনের বার্তা ও অন্যান্য সাক্ষ্যপ্রমাণের উল্লেখ রয়েছে।
তদন্তকারীদের অভিযোগ, মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা এবং বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাঁকে বিচারপূর্ব আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নথিতে আরও বলা হয়েছে, গত জুলাইয়ে ভিলা নোভার ডিফেন্ডার হেইনারের সঙ্গে দাভিদের কথোপকথনে সাক্ষীদের অর্থ দেওয়ার বিষয়টি উঠে আসে। ওই কথোপকথনে একজন সাক্ষীর মুঠোফোন ছিনিয়ে নিতে তৃতীয় পক্ষকে কাজে লাগানোর পরামর্শ দেওয়ার তথ্যও রয়েছে।
এ ছাড়া সাক্ষ্য পরিবর্তনের জন্য এক ব্যক্তিকে পাঁচ হাজার ব্রাজিলীয় রিয়াল দেওয়ার প্রস্তাবসংক্রান্ত একটি অডিও রেকর্ডিং এবং হত্যাচেষ্টা মামলার এক আসামির আইনজীবীকে নয় হাজার রিয়াল পাঠানোর তথ্য আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে বিচারিক প্রক্রিয়া এখনো চলমান। অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে—এমন তথ্য প্রতিবেদনে নেই।
৩১ বছর বয়সী দাভিদ কোরেয়া ‘ডিভিডি’ নামে পরিচিত। ২০২৪ সাল থেকে তিনি ভাস্কো দা গামার হয়ে খেলছেন। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ৪৬ ম্যাচে ছয়টি গোল করেছেন এই ফরোয়ার্ড।
গ্রেপ্তারের পর এক বিবৃতিতে ভাস্কো দা গামা জানিয়েছে, আদালতের নির্দেশ অনুসারেই খেলোয়াড়কে থানায় নেওয়া হয়েছে। তাঁকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ক্লাব কর্তৃপক্ষ।
তদন্তের স্বার্থে এ বিষয়ে আপাতত অতিরিক্ত কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে ব্রাজিলের ক্লাবটি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!