রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তাঁদের মধ্যে কেশরহাট পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শহিদুজ্জামানও রয়েছেন। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গোয়েন্দা পুলিশ (ডিবি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এবং বিভিন্ন থানার পুলিশ সদস্যরা পৃথক দল গঠন করে এসব অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ (৫৭), মুছা আহমদ খান মন্টু (৪০), আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), সোবাহান ওরফে শুভ (৩০), মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), মো. ইকবাল হোসেন (৫২), মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), মোহাম্মদ রুবেল শেখ (৩৮), মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), ইদ্রিস আলম (৪২) ও মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।
পুলিশের দেওয়া পরিচয় অনুযায়ী, মো. মাসুদ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি। মুছা আহমদ খান মন্টু দলটির সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও সক্রিয় কর্মী ছিলেন।
এ ছাড়া মো. ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি, মোহাম্মদ শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেশরহাট পৌরসভার সাবেক মেয়র। গ্রেপ্তার ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
আরএমপির তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
মামলাটির নম্বর ৪৫। এটি ২০২৬ সালের ২৬ নভেম্বর দায়ের করা হয়। এতে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!