শৈলকুপায় জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তাঁর বক্তব্য, দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন, তাদের রাজনীতি করার অধিকার নেই। এমন ব্যক্তিদের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদে সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের বরাদ্দ দেওয়া চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, চাঁদাবাজির অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে, তাদের গ্রেপ্তারে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তিনি বিএনপির জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেন।
আইনমন্ত্রীর অভিযোগ, এ ধরনের ব্যক্তিরা দলের আদর্শের সঙ্গে যুক্ত নন। আওয়ামী লীগের অপকর্ম মোকাবিলার সময় তাদের পাওয়া যাবে না; বরং রাতের আঁধারে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নিজেদের অবস্থান টিকিয়ে রাখার চেষ্টা করবে তারা। এদের দলের সম্পদ না বলে বোঝা ও আবর্জনা হিসেবেও মন্তব্য করেন তিনি।
চেক গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উদ্দেশে আইনমন্ত্রী বরাদ্দের অর্থ যথাযথ কাজে ব্যয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। যে উদ্দেশ্যে অর্থ দেওয়া হয়েছে, সেই কাজ সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা তদারকি করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার আশিষ বিন হাসান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিএনপি চাঁদাবাজি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!