ছবি: সংগৃহীত
পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নির্মাণাধীন ছয়তলা একটি ভবনধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। করাচির অ্যাডমিন সোসাইটি এলাকায় বেলুচ কলোনির কাছে ভবনটি ধসে পড়ে।
এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে ১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহারের পরিবর্তে হাতে ধ্বংসাবশেষ সরানোর ওপর গুরুত্ব দিচ্ছেন উদ্ধারকর্মীরা। তাঁদের আশঙ্কা, ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের ক্ষতি হতে পারে। পাশাপাশি ভবনের অবশিষ্ট অংশও ধসে পড়ার ঝুঁকি রয়েছে।
পাকিস্তানের জরুরি ও মানবিক উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে ফাঁকা জায়গা তৈরি করে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
এদিকে দুর্ঘটনার ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে হত্যা, অবহেলা ও অসতর্কতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মামলায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!